ঋণখেলাপির কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তবে মেয়র পদে তার মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে অবশ্য তাকে শর্তসাপেক্ষে দল থেকে ক্ষমাও করা হয়। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। উল্লেখ্য মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।




