শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদটপআওয়ামী লীগ একদলীয় দুঃশাসন চাপিয়ে দেয়ার চেষ্টা করছে : ফখরুল

আওয়ামী লীগ একদলীয় দুঃশাসন চাপিয়ে দেয়ার চেষ্টা করছে : ফখরুল

গত ১৫ বছরে আওয়ামী লীগ অত্যাচার, নির্যাতন-নিপীড়ন, হত্যা ও গুমের রাজনীতির মধ্য দিয়ে বিভক্তির রাজনীতির সূচনা করে একদলীয় দুঃশাসন চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ৯ দিনের কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। এর আগে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, প্রতিদিন অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়ছে, যত নির্যাতন হবে তত আন্দোলনের গতি বাড়বে। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতা-কর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দি। প্রতিদিনই দলের কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে।

জিয়াউর রহমান বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি আরও বলেন, আজকে দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা, তারা এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতিতে খেয়ে ফেলেছে। বিচার বিভাগকে তারা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। রাষ্ট্রের সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে।

ফখরুল বলেন, এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপিসহ অন্য দলগুলো ১০ দফা কর্মসূচি দিয়েছে। ১০ দফা কর্মসূচি বাস্তবায়নে জাতি নেমে পড়েছে। আওয়ামী লীগের অত্যাচার ও নির্যাতনের মাত্রা যত বাড়ছে, মানুষের মনোবল তত দৃঢ় হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান অত্যন্ত প্রাসঙ্গিক শুধু নয়, অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা।

১৯ জানুয়ারি সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং একই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকাসহ সারা দেশে দোয়া ও আলোচনা হবে বলেও জানান মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী ছাত্রদল ১৮ জানুয়ারি চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করবে। ১৭ জানুয়ারি আলোচনা সভা করবে জাতীয়তাবাদী মহিলা দল। ২০ জানুয়ারি জাতীয়বাদী সামাজিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।

এ ছাড়া ২১ জানুয়ারি জাতীয়তাবাদী শ্রমিক দল, ২২ জানুয়ারি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি জাতীয়বাদী কৃষক দল, ২৪ জানুয়ারি জাতীয়তাবাদী যুবদল এবং ২৬ জানুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলোচনা সভার আয়োজন করবে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিভিন্ন স্থানে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে। জাতীয়তাবাদী ওলামা দল ১৮ জানুয়ারি দোয়া ও মিলাদের আয়োজন করবে।

আরও পড়ুন

সর্বশেষ