বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-২। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউনুছ দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (১ নভেম্বর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল সোমবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। ইউনুস মাগুরা সদরের খন্দকার ইয়াকুব আলীর ছেলে।
গ্রেফতার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও দীর্ঘদিন পলাতক থাকে। পরে ২০১৭ সালে হাইকোর্ট ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছ আলীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিল।




