গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এই প্রথম গাইবান্ধায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে নারী-পুরুষ সহ ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণসহ ভোটের মাঠে সহিংসতা এড়াতে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে সবগুলো ভোট কেন্দ্রই।
এই আসনের সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার গত ২২জুলাই মৃত্যুর পর ২৪ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নিয়ম অনুযায়ী কোনো আসন শুন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী ১২ অক্টোবর বুধবার এই আসনে ভোটগ্রহণ করছেন নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। লাঙল প্রতীক নিয়ে লড়ছেন জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু আর কুলা প্রতীক নিয়ে লড়ছেন বিকল্পধারা বাংলাদেশ`র জাহাঙ্গীর আলম। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) প্রতীক নিয়ে।
সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি আমার সংবাদকে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে আসনের ১৪৫ টি ভোট কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের বিষয়ে নির্বাচনি এলাকার ভোটারদের মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও মোবাইলে এসএমএস এর মাধ্যমে সচেতন করা হয়েছে এবং ৮ ও ১০ অক্টোবর তারিখে ভোটারদের স্বশরীরে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রমও চালানো হয়েছে।




