রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কসোভো ভ্রমণে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লাগবে না ভিসা

কসোভো ভ্রমণে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লাগবে না ভিসা

কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের কসোভো ভ্রমণে লাগবে না ভিসা। বাংলাদেশ ও কসোভোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-কসোভোর ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়।

ঢাকার পক্ষে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন আর কসোভোর পক্ষে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া বেশ কয়েকটি চুক্তির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী কসোভোতে জাতিসংঘ মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশংসা করেন।

গত রোববার চার দিনের সফরে ঢাকায় আসেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিন তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তিনি ওই দিনই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনায় অংশ নেন। আহমেতি সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

বুধবার (১২ অক্টোবর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকা ছাড়বেন।

আরও পড়ুন

সর্বশেষ