বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সীতাকুণ্ডে দগ্ধ হওয়া ৪জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

সীতাকুণ্ডে দগ্ধ হওয়া ৪জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কামরুল হাসান (৩৭), খালেদুর রহমান (৫৮), এ কে এম মাকফারুল ইসলাম (৬৫) এবং মইনুল হক চৌধুরী (৪০)। চারজনকেই রবিবার (৫ জুন) ঢাকায় আনা হয়।
এদের মধ্যে শিল্প কামরুল হাসান পুলিশের উপপরিদর্শক (এসআই), মইনুল হক চৌধুরী দুর্ঘটনাকবলিত ডিপোর ইমপোর্ট শিফট ইনচার্জ, বাকি দুজনের একজন স্থানীয় বাসিন্দা এবং অন্যজন ডিপোর নিরাপত্তাকর্মী। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
মইনুলের বড় ভাই আবু নুর মোস্তফা জানান, শনিবার রাত ৮টা থেকে সকাল রবিবার ৮টা পর্যন্ত মইনুলের ডিউটি ছিল। বিস্ফোরণে তার শরীরের ১৮% দগ্ধ হয়েছে। দগ্ধ অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
এছাড়া, ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, খালেদুরের ১২%, একেএম মাকফারুলের ১২% এবং কামরুল হাসানের শরীরের ৪% দগ্ধ হয়েছে।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, এখন পর্যন্ত ভর্তি হওয়া চারজনের মধ্যে তিনজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

সর্বশেষ