বিকেলে মন্ত্রী সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বেসরকারি রেডিও চ্যানেল মালিকদের সংগঠন প্রাইভেট রেডিও ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-প্রাওব প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রাওব প্রেসিডেন্ট এশিয়ান রেডিও’র চেয়ারম্যান আলহাজ্ব মো: হারুন-উর-রশিদের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা মো: নিজাম উদ্দিন ভুঁইয়া লিটন ও মনোরঞ্জন দাস, সদস্য এটিএম জিয়া হাসান, সাজ্জাদ হোসেন রশীদ, কাওসার আহমেদ, সাম্স সুমন, শাহ রেজাউল মাহমুদ, আনিসুজ্জামান, কামরুজ্জামান কামাল প্রমুখ সভায় অংশ নেন।
এসময় ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেসরকারি রেডিও সম্প্রচার শুরু হয়। ২৮টি প্রাইভেট রেডিও লাইসেন্স দেয়া আছে, তারমধ্যে ১৯টি সম্প্রচারে আছে। এছাড়া রয়েছে কমিউনিটি রেডিও। মানুষ রেডিও শোনা অনেকটা ভুলে গিয়েছিলো, প্রাইভেট রেডিও আবার শ্রোতা সৃষ্টি করেছে, মানুষকে অনেকটা রেডিওমুখী করেছে, এজন্য তাদের ধন্যবাদ।
লাইসেন্সপ্রাপ্তির সময় দেয়া জামানতের অর্থ ফেরতদান, বিটিআরসি’র স্টেশন চার্জ কমানো, সরকারি বার্ষিক ফি রহিত করা, বাংলাদেশ বেতারের ধারণকৃত সংবাদ প্রচার, জাপান থেকে আমদানি গাড়িতে দেশি বেতার ফ্রিকোয়েন্সি সংযোজন, এফ এম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১০ সংস্কার ও বেসরকারি বেতারগুলোর মধ্যে সংযোগবৃদ্ধির দাবি জানান প্রাওব সদস্যরা। মন্ত্রী সেগুলো পরীক্ষান্তে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বাংলাদেশ কেন জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিলো সে নিয়ে নানা কথা বলেছেন। তিনি চান বাংলাদেশ বিবাদে জড়াক। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না। আর ভারত, পাকিস্তান কেন বিরত ছিলো সেই ব্যাখ্যা যদি মির্জা ফখরুল সাহেব দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা আমরা পৃথিবীতে শান্তি চাই এবং শান্তি স্থাপনের ক্ষেত্রে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না।




