চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দেশে সকল দলের অংশগ্রহনে শান্তিপূর্ণ নির্বাচন চাই। কারও খেয়াল খুশিমত নির্বাচন হলে সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ না করলে সেই নির্বাচন আমরাও মানব না। আমরা দেশে কোন অশান্তি চাই না, আমরা শান্তিতে ভোট দিতে চাই। আমরা কোন দুর্যোগের মধ্যে পড়তে চাই না। ড. ইউনুস বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের লালখানবাজারস্থ লেডিস ক্লাবে উদ্যোগী নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
ড. ইউনুস বলেন, এখন দেশের অবস্থা খুবই খারাপ। ২৫ অক্টোবর কী হয় আমরা সেই আতঙ্কে ভুগছি। ২৫ অক্টোবরের পর আমরা ঘর থেকে বের হতে পারবো কি-না এই অনিশ্চয়তার মধ্যে রয়েছি। স্বাধীন দেশে এমন অনিশ্চয়তা, আতঙ্ক আমরা কখনো চিন্তা করতে পারি না।
সরকারকে উদ্দেশে করে ড. ইউনুস বলেন, এখনো সময় আছে। এমন ব্যবস্থা নিন যাতে দেশে অশান্তির দরজা যেনো খুলে না যায়, আমরা সবাই নিয়মের মধ্যে থাকতে চাই। আমাদেরকে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রাখবেন না। ড. ইউনুস সরকারকে শান্তিপূর্ণ পরিবেশে সকলদলের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে আহ্বান জানান।
ড. ইউনুস সুহৃদ – চট্টগ্রাম-এর উদ্যোগে শিক্ষা, শিল্প-সাহিত্য ও সমাজকর্মে উদ্যোগী নারীদের সম্মানে এই বিশেষায়িত সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উদ্যেক্তরা বক্তব্য রাখেন। পরে ড. ইউনুস উদ্যোগী নারীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।




