আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু বঙ্গবন্ধুর আদর্শের প্রতি কখনও বেইমানি করেননি। দলের প্রতি, নেত্রীর প্রতি তার আনুগত্য ছিল ইর্ষা করার মতো। ৪ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমদ হোসেন বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না। তিনি সারাদেশের নেতা হিসেবে আভির্ভুত হয়েছিলেন তার কাজের মাধ্যমে।
আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আশা করবো রাজনীতিতে আপনারা আপনাদের বাবাকেও ছাড়িয়ে যাবেন। বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বিএনপি এখন আপোষের রাজনীতি করে। এটা প্রমাণ হয়ে গেছে। আওয়ামী লীগ কখনও নতজানু হয়ে রাজনীতি করেনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা, সিলেটের এমসি কলেজের ঘটনা নিন্দনীয়। আমি এসব ঘটনার নিন্দা জানাই। এসব ঘটনার কারণে বিএনপি অপপ্রচারের সুযোগ পাচ্ছে। তবে সরকার কোনো অপরাধীকে ছাড় দেয়নি। তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতারা এসব উন্নয়ন চোখে দেখছেন না। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। হানিফ বলেন, প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু ও এবিএম মহিউদ্দীন চৌধুরীর মতো নেতাদের আদর্শ ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ছাড়াও ভূমিমন্ত্রী ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
স্মরণ সভায় উপস্থিত রয়েছেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, উপ-দফতর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।




