জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৪৫৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১ হাজার ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ৬০৭ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ১৮২ কোটি ১৪ লাখ টাকা। ০৩ নভেম্বর একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী/সচিবরা অংশ নেন একনেক সভায়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।
আজকের অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫৬০ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে যমুনা নদীর ডানতীর ভাঙন হতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন সিংড়াবাড়ী, পাটগ্রাম ও বাওইখোলা এলাকা সংরক্ষণ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৯৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ৫৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে পাঁচদোনা – ডাঙ্গা ঘোড়াশাল মহাসড়কে একস্তর নীচু দিয়ে উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেনসহ ৪ – লেনে উন্নীতকরণ (ডাঙ্গা বাজার ইসলামপুর লিংকসহ) (১ম সংশোধিত) প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১ হাজার ১৪৮ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে আমিনবাজার মাওয়া – মংলা ৪০০ কেভি সঞ্চালন লাইন (১ম সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
আজকের একনেক সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




