শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সংসদ নির্বাচন কোনো কারণে না হলে শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন...

সংসদ নির্বাচন কোনো কারণে না হলে শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন : সুরঞ্জিত

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে না হলে শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। একই সঙ্গে মন্ত্রিসভাও বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বর্তমান রাজনীতি-চলমান প্রেক্ষাপট বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।

সংসদ চালু রেখে সরকার ষড়যন্ত্র করছে প্রধান বিরোধী দল বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে সংসদের মেয়াদ আরো এক বছর বাড়াতে পারেন। কিন্তু আমরা সে পথে হাঁটছি না।’

সুরঞ্জিত বলেন, ‘আমরা আপনাদের একটি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সে সময় সরকার নির্বাচন কমিশনকে সব সহায়তা দেবে। এই সরকারের বিগত সময়ে যেভাবে নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচনও সেভাবেই হবে। কেবল জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে, এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ২৫ অক্টোবর নিয়ে বিরোধী দল দেশবাসির মধ্যে ভীতি ছড়াচ্ছে। আসলে ২৫ তারিখে দেশে কি ঘটবে? কেন ঘটবে? তার কোন ব্যখ্যা বিএনপির কাছে নেই। ২৫ তারিখে আওয়ামী লীগ ও বিএনপি তাদের সমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে। সেদিন সমাবেশ হবে। সেখানে নেতা কর্মীরা বিভিন্ন বক্তৃতা দেবেন। কিন্তু সেদিন যদি বিএনপি নৈরাজ্য করতে চায় তাহলে সেই সুযোগ সরকার তাদের দেবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জামায়াত-হেফাজতকে মাঠে নামিয়ে আরেকটি সহিংস কর্মকান্ডের প্রস্তুতি নিবেন। চলন্ত বাসের ড্রাইভারকে পুড়িয়ে মারবেন, গাড়ী ভাংচুর করবেন, পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়াবেন। এ সুযোগ কোন সরকারই আপনাদের দেবে না।

সংসদ বিলুপ্ত করে নির্বাচন করা সম্ভব উল্লেখ করে দপ্তরবিহীন এ মন্ত্রী বলেন, যেহেতু ২৪ জানুয়ারি আমাদের সংসদ বসেছিলো তাই ২৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত এর মেয়াদ আছে। এর আগে ২০, ২২, ২৩ তারিখে যদি সমঝোতা হয়। তবুও সংসদ বিলুপ্ত করে নির্বাচন করা সম্ভব। আর কোনো কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হলে শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং তার মন্ত্রী সভাও বহাল থাকবে।

সংসদ  চালু রেখে সরকার ষড়যন্ত্র করছে বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, রাষ্ট্রপতি চাইলে সংসদের মেয়াদ আরো এক বছর বাড়াতে পারেন। কিন্তু আমরা সে পথে হাটছি না।

মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ