ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সরকারের প্রয়োজন নেই, ২৫ অক্টোবরের পর রাজপথ দখল করতে আওয়ামী লীগের কর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি-জামায়াত অতীতের মতো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জাবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণও করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য ও হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে তা গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্রেরই অংশ। এ আচরণ শিষ্টাচার বহির্ভূত। আমরা সমস্ত ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখবো।
‘মিথ্যাচারই বিএনপির চরিত্র’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা মিথ্যাচার করছে। এটাই তাদের চরিত্র। এই মিথ্যাচারের মধ্যে দিয়েই তাদের উত্থান হয়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, অন্তত ঈদ উপলক্ষে যেন তাদের এ চরিত্রের বদল হয়। যতদিন মেয়াদ আছে ততদিন জাতীয় সংসদ চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের এ মাসের শেষ সপ্তাহ থেকে রাজপথ দখলে রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক। সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী ও হুমায়ূন কবির।




