জাতীয় প্যারেড স্কয়ারে হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্ট ডাউন বা ক্ষণগণনা শুরু হবে ১০ জানুয়ারি (২০২০) থেকে। মুজিববর্ষ সফল করতে জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় গঠিত আটটি উপকমিটি কাজ করছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তির মুহূর্তে এ অনুষ্ঠানটি হবে। প্রস্তুতির কথা জানিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের বলেন, আমাদের প্রস্তুতি চলছে। কর্মসূচি চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে, সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও একাধিক বেসরকারি সংগঠন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ করেছে । মন্ত্রণালয়ভিত্তিক কর্মসূচি প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। আবদুল নাসের বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে থিমসং ও লোগো চূড়ান্ত করা হচ্ছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্ট ডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্ট ডাউন বা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শুরুর ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন করবেন। বছরব্যাপী অনুষ্ঠানটি ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও থাকবেন বিদেশি অতিথি। তবে বিদেশি অতিথিদের মধ্যে কারা আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি।




