জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা পরবর্তী পর্যায়ে নিতে হলে বিনিয়োগের বিকাশ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত — ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার বক্তব্যে এ কথাটি বলেন।
“ব্জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় আসেন তারা বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে দেখতে চাননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন বয়ে এনেছেন, সেটাই তার প্রমাণ,” তিনি বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী রুপকল্প ২০২১ ও ২০৪১-এ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের টার্গেট নির্ধারন করেছেন এবং তা বাস্তবায়নের জন্য বিভিন্ন অবকাঠামো, যেমন অর্থনৈতিক অঞ্চল ও ডিজিটাল অবকাঠামো, তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন। “উন্নয়নের ধারা পরবর্তী পর্যায়ে নিতে হলে বাংলাদেশের প্রয়োজন বিনিয়োগ, যা নিশ্চিত করার গুরুদায়িত্ব বিডাকে পালন করতে হবে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় উপভোগ করতে হলে আমাদের আরো পরিশ্রমী হতে হবে,” তিনি বলেন।
“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সংগ্রাম চলছে, সে সংগ্রামে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে বিডার সহকর্মীরা আন্তরিকভাবে কাজ করবেন,” বলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। তিনি প্রধান অতিথির বক্তব্যের সাথে একমত প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপস্থিত কর্মকর্তাদের বিনিয়োগকারীদের সাহায্যে নিয়োজিত হতে বলেন।
“আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশের সাক্ষর প্রত্যেকটি খাতে বিরাজমান। বিনিয়োগ বিকাশ অর্জনে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নিশ্চিত করবে বিডা,” মোঃ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন। “সোনার বাংলা বলতে বঙ্গবন্ধু চেয়েছেন অসাম্প্রদায়িক, সমৃদ্ধ, শোষণহীন ও দারিদ্রমুক্ত একটি দেশ। আজ আমরা উন্নয়নের মহাসড়কে আছি, আমাদের আরো এগিয়ে যেতে হবে।”
জাতীয়ভাবে গৃহীত প্রতিপাদ্যের ভিত্তিতে আয়োজিত মহান বিজয় দিবসের-২০১৯-এর আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলকামা সিদ্দিকী ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সহসভাপতি হাসিনা নেওয়াজ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিডায় আলোচনা সভা



