আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা বলে র্যাব, পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বংস করা হচ্ছে। তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, আওয়ামী লীগকে দরকার হবে না। আমরা র্যাব পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। ২৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ওবাইদুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। রাজনীতিতে, আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।




