বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) একই অঙ্গে দুটি রূপ। সেই ১৯৭৩ সাল থেকে সিপিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশ ও জনগনের প্রয়োজনে একসাথে কাজ করে যাবো।
তিনি বলেন, সিপিপি’র প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই ভবনের নাম রাখা হয়েছে “বঙ্গবন্ধু সিপিপি ভবন”। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবন নির্মাণ কাজটি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ কর্মপরিকল্পনায় অন্তভূক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ও দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্যোগে বিডিআরসিএস সদর দপ্তরে “বঙ্গবন্ধু সিপিপি ভবন” নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিনি এসব কথা বলেন। এই যুব সমাবেশে রেড ক্রিসেন্ট সোসাইটি ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ২৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
আজ সোমবার দুপুর ২টা ৩০ ঘটিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত সমঝোতা স্মারক ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের দায়িত্বরত মাননীয় প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদার, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান ও সদস্য, আইএফআরসি গভর্নিং বোর্ড প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মো: শাহ্ কামাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য জনাব লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, রাজিয়া সুলতানা লুনা ও রবীদ্র মোহন সাহা রবী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন (প্রাক্তন সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)। সঞ্চালনায় ছিলেন পরিচালক (অপারেশন) দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মো: নুর ইসলাম খান। অনুষ্ঠান শেষে “বঙ্গবন্ধু সিপিপি ভবন” নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সিপিপি-যুব রেড ক্রিসেন্ট স্টল পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সিপিপিকে ১৯৭৩ সালে একটি কর্মসূচি হিসেবে ঘোষণা করেন। সিপিপির দক্ষ জনবল ও কার্যক্রমের জন্য ঘূর্ণিঝড় ফণীর সময় ব্যাপক প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু সিপিপি ভবনের জন্য জমি প্রদান করায় আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সকলকে, বিশেষ করে চেয়ারম্যান এবং ভাইস- চেয়ারম্যানকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মহান নেতাদের একজন, যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মনির্ভরশীল। আমি আশা করি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয় খুব শীঘ্রই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের জন্য নতুন ভবন নির্মাণে সহযোগিতা করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমি আশা করি ‘বঙ্গবন্ধু সিপিপি ভবন’ এ আমরা একসাথে বসে আরো সমন্বিত ভাবে কাজ করতে পারব।




