দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিন দিনের সফরে শনিবার বিকালে বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান খান জাবেদ এমপি ।
এরপর প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সফরকালে এই হোটেলেই থাকবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। আজ রাতে তিনি সেখানে বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন আগামীকাল রবিবার সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি সাভারে ইপিজেড, ঢাকার মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন ও অ্যান্ড রিসার্চ পরিদর্শনের পর দুপুরে হোটেলে কোরীয় ব্যবসায়ীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। তিনি বাংলাদেশ ও কোরিয়ার ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং এরপর কয়েকটি চুক্তি/ সমঝোতা স্মারক সই হতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।




