৬ দফাকে বাঙালির স্বাধীনতার মূলমন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ৬ দফাকে অস্বীকার করে তারা স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ই জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এই দিবসটিকে যারা অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা কতটা বিশ্বাস করে সেটাই আজকের প্রশ্ন।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এরপর ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। বাঙালির মুক্তির সনদ ৬ দফার পথ ধরেই পরবর্তীতে ১১ দফা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ বাঙালি জাতির স্বাধীনতার পথ প্রশস্ত হয়।




