বিভাগীয় শহর খুলনায় জনসভার উদ্দেশ্যে গতকাল সড়কপথে ঢাকা থেকে রওনা করছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বিকেল ৩টায় গুলশানের বাসা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। আজ যশোর সার্কিট হাউসে রাতে অবস্থান করে রবিবার বিকেল ৩টায় খুলনায় ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা।
দলীয় সূত্রে জানা যায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে রবিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জনসভায় খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ঐতিহাসিক এ জনসভা সফল করতে প্রচার, মঞ্চ তৈরিসহ সব ধরনের কার্যক্রম দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা প্রায় শেষ করেছেন। দলীয় প্রধানের আগমনে তৃণমূল কর্মীরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। পাশাপাশি জনসভাস্থলে বিএনপি ও জোটের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে তিন স্তরের নিরাপত্তা বষ্টেনী গড়ে তোলা হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে খুলনা আলোকসজ্জা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের নগরীতে পরিণত হয়েছে। মহানগরসহ আশপাশের এলাকাগুলোর সড়কগুলোকে আলো ঝলমলে করে তোলার পাশাপাশি শীর্ষস্থানীয় নেতাদের ছবিসংবলিত বিলবোর্ডও লাগানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর ও জেলা ছাড়াও বিভাগের অন্য জেলাগুলো থেকে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে জনসভাস্থলে আসবে। এ জন্য আশপাশের জেলাগুলোতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।



