শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দিতে বৈঠক শুরু

অতিরিক্ত ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দিতে বৈঠক শুরু

প্রশাসনে তিন স্তরে পদোন্নতি দিতে এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে লাইনপোস্টে নির্ধারিত এজেন্ডার বাইরে রেওয়াজ অনুযায়ী বিবিধ বিষয়ের মধ্যে পদোন্নতি প্রক্রিয়ার প্রাথমিক আলোচনার সূত্রপাত হয়। সূত্র জানিয়েছে, প্রথম ধাপে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হবে। এজন্য আরও কয়েক দফা বৈঠক করার প্রয়োজন হবে।

অতিরিক্ত সচিব পদে ১১তম ব্যাচ এবং যুগ্ম সচিব পদে ১৭তম ব্যাচকে নিয়মিত ব্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর সঙ্গে যথারীতি লেফটআউট তালিকা তো থাকছেই। তবে ১৮তম ব্যাচের হতাশ হওয়ার কারণ নেই। তাদের পদোন্নতিও বেশি বিলম্ব হবে না। এ ব্যাচের পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের কয়েকজন বলেন, ১৭ ও ১৮তম ব্যাচকে একসঙ্গে যেহেতু উপসচিব করা হয়েছে সেহেতু যুগ্ম সচিবও একসঙ্গে দিলে দোষের কিছু হবে না। তারা চান, যেন শেষ পর্যন্ত এসএসবি এ বিষয়টি বিবেচনায় নেয়। অপরদিকে সূত্র বলছে, দুই ধাপে পদোন্নতি দেয়ার পর কম সময়ের ব্যবধানে উপসচিব পদেও পদোন্নতি হবে। নতুন হিসেবে ২৭তম ব্যাচকে বিচেনায় নিলেও এবার আগের বাদপড়া বেশ কিছু কর্মকর্তার জায়গা হবে পদোন্নতি তালিকায়।

এদিকে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রত্যাশী নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের অনেকে বলেন, প্রশাসনের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি বিবেচনার ক্ষেত্রে নিশ্চয় এসএসবি সঠিকভাবে মূল্যায়ন করবে। কেননা, কোনো যোগ্য ও দক্ষ কর্মকর্তা এ পর্যায়ে এসে পদোন্নতি থেকে ছিটকে পড়লে সে ক্ষতি হবে অপূরণীয়। অপরদিকে অতীতে পদোন্নতি পাননি এমন কয়েকজন কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণের ভিত্তিতে যদি পদোন্নতি না দেয়া হয় তাহলে কোনো দুঃখ থাকবে না। কিন্তু বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক কোনো কারণ ছাড়া পুনরায় বঞ্চিত করা হলে তা হবে চরম অন্যায়। বর্তমান সরকারের সময়ে ডিসি পদে দায়িত্ব পালনকারী এক যুগ্ম সচিব বলেন, তিনি মন্ত্রীর পিএস ছিলেন। ডিসি পদেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কী কারণে তিনি অতিরিক্ত সচিব হতে পারেননি তা আজও হিসাব মিলাতে পারছেন না। কারণ যাই হোক এবার তিনি আশায় বুক বেঁধেছেন। তিনি প্রতিবেদককে বলেন, ‘আমি অনুকম্পা চাই না, চাই জাস্টিস।

যুগ্ম সচিব পদে একাধিকবার পদোন্নতিবঞ্চিত কয়েকজন কর্মকর্তা বলেন, শুনেছি এসএসবি এবার আগের থেকে অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পদোন্নতি বিবেচনা করবে। সুনির্দিষ্ট এবং অনিবার্য কারণ ছাড়া যোগ্য কাউকে পদোন্নতির সুপারিশ থেকে বঞ্চিত করবে না। তারা বলেন, সুপারিশ করার সময় এসএসবি যদি মনে করে তারা ন্যায়বিচার করেছে তাহলে তাদের কোনো আফসোস থাকবে না।

আরও পড়ুন

সর্বশেষ