ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা ও মালিকানা পৃথকীকরণের (ডিমিউচ্যুয়ালাইজেশন) স্কিমে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসি’র ৪৯৪তম কমিশন সভায় উভয় স্টকের প্রস্তাবিত খসড়া স্কিমের সার্বিক দিক বিবেচনা করে এ অনুমোদন দেয়া হয়। ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩ জন রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
অনুমোদিত আইনের মধ্যে রয়েছে- স্কিমের চূড়ান্ত অনুমোদনের প্রেক্ষিতে উভয় স্টক এক্সচেঞ্জকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে হবে এবং এ সভার পরবর্তী ৭ দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে।
অনুমোদিত স্কিম জমা দেয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জকে আরজেএসসি রেজিস্ট্রেশন অ্যান্ড রিরেজিস্ট্রেশন প্রত্যয়ণপত্র দেবে এবং তখন থেকে স্টক এক্সচেঞ্জ পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হবে। এর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করে স্টক এক্সচেঞ্জের নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
উল্লেখ্য, পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতনের পর ২০১১ সালে সরকার স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশনের উদ্যোগ নেয়। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ পাস হয়।




