রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে রক্তাক্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় এ সংঘর্ষ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
স্থানীয়রা জানান, প্রতিপক্ষের সঙ্গে আরাকান লিবারেশন পার্টির সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষ গুলি ছোড়ে। এতে সাতজন নিহত হন।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ হতে এ বিষয়ে এখনও কোন কিছু জানানো হয়নি।




