ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আওয়ামী লীগ ক্ষমতার জন্য কারসাজি করে সংবিধান সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতির’ ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এরশাদ বলেন, ‘আমি সংবিধানে হাত দিইনি। সংবিধান স্থগিত করেছিলাম। আর এখন ক্ষমতার জন্য কারসাজি করে সংবিধান সংশোধন করা হয়েছে। কিন্তু ক্ষমতার মালিক আল্লাহ।’
এরশাদ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কেন নির্বাচন করতে ভয় পাচ্ছেন? এমন কী করেছেন? পরাজয় হলে বাড়ি-ঘর জ্বলবে এই ভয় পাচ্ছেন। জনগণ আমাদের সেবা করার জন্য ভোট দিয়েছেন, তাহলে কেন ভয় পান?’ তিনি নির্বাচন পদ্ধতির সংস্কার করার দাবি করে বলেন, ‘নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে। আনুপাতিক হারে সংসদ নির্বাচন দিতে হবে। মানুষ লাঙ্গল, ধানের শীষ, নৌকা ও মশালে ভোট দেবে। তাতে সব দলের প্রতিনিধি সংসদে যেতে পারবে।’
এরশাদ বলেন, ‘আমি ক্ষমতায় থাকাকালীন গ্রাম পর্যায়ে ডাক্তারদের জন্য তিন মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু বর্তমানে আপনাদের জন্য কিছুই করা হচ্ছে না। তবে আমি কিছু বললেই পরের দিনই তা বাস্তবায়ন হবে, সেদিনও আর বেশি দূরে নয়। এ দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন আসবে।’ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তার ভিডির সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, সমিতির সাধারণ সম্পাদক ডা. আবু ইউসূফ খান প্রমুখ।




