বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ১২ জন। তাঁদের মধ্যে ৯ জন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান নির্বাহী পরিচালক। অন্য তিনজনের মধ্যে দুজন বাণিজ্যিক ব্যাংকের এবং একজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ এ পদে নিয়োগের জন্য গত ২৯ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের মধ্যে আবু হেনা মোহা. রাজী হাসানের মেয়াদ শেষ হয়েছে গত ১০ সেপ্টেম্বর। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি কাজ করছে। আবেদনকারীদের মধ্য থেকে নিয়োগের জন্য এ কমিটি সরকারের কাছে তালিকা পাঠাবে। এর আগে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে মৌখিক পরীক্ষার জন্য শিগগিরই ডাকা হবে। সংক্ষিপ্ত তালিকা তৈরিসহ বিভিন্ন বিষয় আলোচনার জন্য গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
আবেদনকারীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ইস্কান্দার মিয়া, মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, মো. আবদুর রহিম, অশোক কুমার দে, লাইলা বিলকিস আরা, সেখ মোজাফফর হোসেন, সাবেক নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার, শুভগ্ধকর সাহা ও সুলতান আহাম্মদ। এ ছাড়া গত আগস্টে ইউসিবির এমডি পদ হারানো এ ই আব্দুল মুহাইমেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মো. লিয়াকত হোসেন মোড়ল এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রভাষক এ পদের জন্য আবেদন করেছেন। প্রার্থীর যোগ্যতা হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বা বিদেশে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।




