চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ২৫ সেপ্টেম্বর সকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নগরের লালখান বাজার আমিন সেন্টারে কথা বলেন শোভন। এসময় তিনি পদবঞ্চিত নেতাকর্মীদের চট্টগ্রাম কলেজে গঠিত কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের আশ্বাস দেন।
জানা যায়, আজ সকাল ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি । সেখানে মহানগর ছাত্রীগের নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রামে স্বাগত জানান। এদিকে পথিমধ্যে বারেকবিল্ডিং মোড়ে তাদের স্বাগত জানায়, কমার্স কলেজ ছাত্রলীগ ও মাদারবাড়ী ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে সকাল সাড়ে ৯টায় নগরীর লালখান বাজার মোড়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শোভনের গাড়ি থামিয়ে তাকে কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা ও কমিটি বাতিলের বিষয়ে অভিহিত করেন। এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগকারী সহ-সভাপতি শান্ত বলেন, আমরা শোভন ভাইকে কমিটির বিষয়ে জানিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন। পদবঞ্চিত আরেক নেতা ওবায়দুল হক বলেন, শোভন ভাই আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিকেলেও আমাদের সঙ্গে বসে কথা বলবেন বলেছেন।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগকারী মোস্তাফা সিভয়েসকে বলেন, চট্টগ্রাম কলেজ কমিটির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আজকে সমাধান করে দিয়ে যাবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা বিকালের অপেক্ষায় আছি।
এদিকে, আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় পদ পাওয়া নেতাকর্মীদেরর সঙ্গেও কথা বলেছেন শোভন। পরে তিনি হাসিনা মহিউদ্দিনের সঙ্গেও কথা বলেন। এসময় রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরী ভাই আওয়ামী লীগের জন্য যা করেছেন তা সত্যিই অতুলনীয়। তার ত্যাগ-তিতিক্ষা ছাত্রলীগ আজীবন মনে রাখবে।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ২৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। কমিটিতে মাহমুদুল ক4রিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি প্রত্যাখান করে পরের দিন থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করে আসছেন।




