ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাকু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের খালেক মিয়ার ছেলে। ভাঙ্গা কোর্টে মুহুরির কাজ করতেন তিনি। সোমবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে এ সংঘর্ষ হয়। রাত ৮টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকু মিয়া মারা যান বলে হাসপাতাল সূত্র জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল মতিন বাদশার সমর্থকদের সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাকু মিয়া ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




