শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঘরেমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে

ঘরেমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে

ঈদযাত্রার চতুর্থ দিন সকাল থেকেই ঘরেমুখো মানুষের উপচেপড়া ভিড় লেগেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিন ট্রেনযোগে এক লাখেরও বেশি যাত্রী নাড়ির টানে বাড়ি ফিরবেন। আর ঘরে ফেরা এসব মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত বগিসহ ৬৯টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ২০ আগস্ট ঈদযাত্রার চতুর্থ দিনে বলাকা এক্সপ্রেসের মাধ্যমে যাত্রা শুরু হয়। এদিন থাকছে ট্রেনের ঈদ স্পেশাল সার্ভিসও।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, মোট ৬৯টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর, পাঁচটি ঈদ স্পেশাল, আর বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস। যাত্রার দিন স্টেশন থেকে লোকাল ও মেইল সার্ভিসের টিকিট দেওয়া হচ্ছে। একইসঙ্গে যাত্রীদের অনুরোধে দেওয়া হচ্ছে দাঁড়ানো টিকিটও।

বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। টিকিটবিহীন সবাইকে বের করে দেওয়া হচ্ছে। স্টেশনে রয়েছেন র‍্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, সোমবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে পাঁচটি স্পেশাল ঈদ সার্ভিস ট্রেন। ঈদ স্পেশালের মধ্যে সোমবার রাত ১২টা ৫ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে ‘খুলনা ঈদ স্পেশাল’। বাকি ট্রেনগুলো লোকাল ও মেইল সার্ভিস। প্রতিদিন ট্রেনযোগে এক লাখ মানুষ ঘরে ফিরবেন। কোনো যাত্রীকে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে বা বগির বাফারে না ওঠারও অনুরোধ জানান স্টেশন ম্যানেজার।

আরও পড়ুন

সর্বশেষ