শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদার আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

খালেদার আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে কুমিল্লার আদালতে জামিন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৩ জুলাই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস. এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২২ জুলাই এ মামলায় শুনানি শেষ হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৮ জুলাই সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট বহাল রাখেন কুমিল্লার আদালত। এরপর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় আবেদন করে জামিন চেয়েছেন।

তিনি আরও বলেন, এর আগে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। যেটি এখন পেন্ডিং রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ