নগরের ফিরিঙ্গিবাজার ও বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পু্লিশ। ০৭ জুলাই দিনগত রাতে ফিরিঙ্গিবাজার এলাকায় চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ও পুঁইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন হীরা।
গ্রেফতার চারজন হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচর এলাকার শেখ আহমদের ছেলে মো. রুবেল (২৩) ও আবদুস সালামের ছেলে মো. সোহেল (২২), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার আবুল হোসেনের ছেলে আনোয়ার ইসলাম (২১) ও আবদুল হাকিমের ছেলে আবদুর রহিম (৪৩)।
তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার মোড়ে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিবহনের বাসে (চট্টমেট্রো-ব-১১-১১২২) তল্লাশি চালিয়ে মোট ২ হাজার পিস ইয়াবাসহ রুবেল ও সোহেল নামে দুইজনকে গ্রেফতার করি। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিন হীরা জানান, বাঁশখালী-পেকুয়া সড়কে পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার ও আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন হীরা।




