ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার বেনাপোলে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ভারতের পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এক বৈঠক করবেন বলে জানা গেছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য করতে স্বাচ্ছন্দ বোধ করেন। মাত্র ৪ ঘণ্টায় ভারতের কোলকাতা থেকে একটি ট্রাক আমদানি পণ্য নিয়ে বন্দরের সমস্ত কার্যক্রম শেষ করে বেনাপোল বন্দরে পৌঁছাতে পারে।
অপরদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও একদিনের মধ্যে বেনাপোল বন্দরের সমস্ত কার্যক্রম শেষ করে একটি রপ্তানিকারক ট্রাক পেট্রাপোল বন্দরে পৌঁছায়। পেট্রাপোল বন্দরে রপ্তানি টারমিনাল না থাকায় বাংলাদেশ থেকে পণ্য ওপারে নিয়ে যাওয়ার পর বিভিন্ন সমস্যা ও সংকটের মুখোমুখি হতে হয়। বিষয়টি একাধিকবার পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও কোনো লাভ হয়নি। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে নোম্যান্সল্যান্ডেই রপ্তানি কাজ করতে হয়। এর ফলে চেকপোস্ট এলাকায় সারাক্ষণ যানজট লেগে থাকে।
এছাড়া সীমান্তের অবৈধ পথে চোরাচালান বেড়ে যাওয়ায় আমদানি-বাণিজ্য দিন দিন মুখ থুবড়ে পড়ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য পেট্রাপোল বন্দরে বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ও হাই কমিশনারের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।
ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ বন্দর বিষয়ক সাবকমিটির সভাপতি মতিয়ার রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দর উন্নয়নে গত ২ বছর আগে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ উন্নয়নের কাজে হাত দিয়েছে। কিন্তু কাজ অনেক ধীর গতিতে চলায় ২০ ভাগ কাজও সম্পন্ন হয়নি। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য।




