কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেছেন তার ব্যক্তিগত চার চিকিৎসক। ৯ জুন বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে তারা এ সুপারিশ করেন। এ চার চিকিৎসক হলেন- প্রফেসর এফএম সিদ্দিকী, প্রফেসর সৈয়দ ওয়াহিদুর রহমান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন।
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত ৫ জুন দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (টিআইএ) বা সাময়িক ব্রেন স্ট্রোক হয় খালেদা জিয়ার। চিকিৎসকেরা বলেছেন- খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিতে হবে। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান।




