আওয়ামী লীগের বাজেট কখনো ব্যর্থ হয়নি মন্তব্য করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার যতবারই বাজেট দিয়েছে তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অর্জিত হয়েছে উন্নয়ন, সমৃদ্ধি ও প্রবৃদ্ধির লক্ষমাত্রা। এবারের বাজেট ও বর্তমান অর্থনৈতিক পরিপ্রক্ষিতে বাস্তবমুখী।
বৃহস্পতিবার (০৭ জুন) নগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরের মুসলিম ইনস্টিটিউট হল চত্বরে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধি করে জন আকাঙ্খার প্রতিফলন ঘটানো হয়েছে। তাই এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার অভিযাত্রায় এগিয়ে যাবে। আওয়ামী লীগের বাজেট কখনো ভঙ্গুর ও বিপর্যস্থ হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত নতুন বাজেট বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়ন ও সমৃদ্ধির দৃষ্টান্ত স্থাপনকারী রোল মডেল। এ বাজেট নাগরিকের জীবনমান উন্নয়নের পরীক্ষিত রূপরেখা। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গরিবী হটিয়েছে। জাতীয় প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশের কাছাকাছি। এতে প্রমাণিত বাংলাদেশ দক্ষিণ পূর্ব-এশিয়ার সবচেয়ে বেশি সম্ভাবনাময় উন্নয়ন সমৃদ্ধ একটি দেশ।’
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সুলতান আহমেদ চৌধুরী, নূর মোহাম্মদ নুরু প্রমুখ বক্তব্য রাখেন।




