বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মেট্রোরেলে চলন্ত সিঁড়ি-স্বয়ংক্রিয় ভাড়া ব্যবস্থাপনা কাজের চুক্তি সই

মেট্রোরেলে চলন্ত সিঁড়ি-স্বয়ংক্রিয় ভাড়া ব্যবস্থাপনা কাজের চুক্তি সই

আট প্যাকেজের আওতায় এগিয়ে যাচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বা মেট্রোরেলের কাজ। এবার চলন্ত সিঁড়ি ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থাপনা নির্মাণ কাজের চুক্তি সই হয়েছে।

০৩ জুন রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্যাকেজ-৭ এর এ চুক্তি সই হয়। চুক্তিতে মেট্রোরেলের পক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক এবং মারুবেনি- লারসেন-টুবরু কোম্পানির পক্ষে রাজিব জয়তি সই করেন।

মারুবেনি-লারসেন-টুবরু জাপান ও ভারতের যৌথ মালিকানাধীন কোম্পানি। প্যাকেজ-৭ এর আওতায় মোট ৪ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়ন করবে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে কাজ চলছে। ২০১৯ সালের মধ্যে আগারগাঁও এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত কাজ শেষ হওয়ার কথা।

আটটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্যাকেজ-৭ (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম) এর  আওতায় চলন্ত সিড়ি, রেলওয়ে  ট্র্যাক ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থাপনা কাজ হবে। এর আগে প্যাকেজ-৮ এর চুক্তি সই হয়।

চুক্তিসই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। মেট্রোরেলের যাত্রাকালে ১৬টি স্টেশন থাকবে। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ