পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন দেওয়া হবে ১১ জুনের ট্রেনের টিকিট। ৩ জুন দেওয়া হবে ১২, ৪ জুন দেওয়া হবে ১৩, ৫ জুন দেওয়া হবে ১৪ এবং ৬ জুন দেওয়া হবে ১৫ তারিখের ট্রেনের টিকিট। চলতি সপ্তাহে রেল ভবনে অগ্রিম টিকিট বিক্রির এ ঘোষণা দেওয়া হবে বলে রেল ভবনের বিশেষ সূত্র জানিয়েছে। সূত্র জানিয়েছে, বৃষ্টিপাতে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার আশংকা ও মহাসড়কে ভয়াবহ যানজটের কারণে ট্রেনের ওপর এবার বাড়তি চাপ পড়বে।
আন্ত:নগর ট্রেনে ২২ হাজারসহ মেইল-লোকাল মিলিয়ে প্রতিদিন প্রায় ৫৬ হাজার টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরের অন্য সময় দিনে ২৫ থেকে ৩০ হাজার টিকিট বিক্রি হয় এ স্টেশন থেকে। কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, কমলাপুর থেকে যে ৩১টি আন্ত:নগর ট্রেন চলে তার টিকিটসংখ্যা ২২ হাজার ১শ’ ২২টি। এ টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি হয়। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি করে টিকিট নিতে পারেন। রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার ঈদে সারাদেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।




