রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএবার বাজেটের কাঠামো হবে স্বচ্ছ ও উদার : মেট্রোপলিটন চেম্বারে এনবিআর চেয়ারম্যান

এবার বাজেটের কাঠামো হবে স্বচ্ছ ও উদার : মেট্রোপলিটন চেম্বারে এনবিআর চেয়ারম্যান

NBR CMCCচট্টগ্রাম চেম্বারের পরপরই দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আরেকটি বৈঠকে মিলিত হন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সেখানে তিনি বলেন, যে সব পণ্য দেশে তৈরি সম্ভব সেগুলোর কাঁচামাল আমদানিতে সুবিধা দেওয়া হবে। তাহলে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে। তবে দেশি পণ্যের সরবরাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আমদানি পণ্যের চেয়ে দেশে পণ্য তৈরির জন্য কাঁচামাল আমদানিতে উচ্চ করহার কমানো হবে। এগুলোর পাশাপাশি মুদ্রন শিল্প, শিপ ব্রেকিং শিল্পের ওপরও বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, আমার মেয়াদে ব্যবসায়ীদের সঙ্গে ভালো যোগসূত্র রেখে যেতে চাই। মুদ্রানীতি হতে হবে ব্যবসা–বান্ধব। বিভিন্ন পণ্যের ট্যারিফ ভ্যালু নির্ধারণে পর্যালোচনা করা হবে। চট্টগ্রাম বন্দরে একটি মোবাইল স্ক্যানার উদ্বোধন করেছি। বছরখানেকের মধ্যে আরও স্ক্যানার মেশিন বসানো হবে। ওজনও স্বয়ংক্রিয় হয়ে যাবে। নিলামসহ সব কাজে গতিশীলতা আনা হবে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করের আওতা যাতে বাড়ানো যায় সেটি বিবেচনায় রাখতে হবে। এক্ষেত্রে মার্জিনাল করদাতার কর হার কমিয়ে দিয়ে সহযোগিতা করা হবে। মার্জিনাল করদাতা যদি আমরা পাই তাহলে কর সহনীয় রাখার ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।

এছাড়া জরিমানাসহ অপ্রদর্শিত আয় রেখে দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, জরিমানা ছাড়া যদি অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া হয় তাহলে সাধারণেরা আরও বেশি করে অপ্রদর্শিত অর্থ রাখবেন। আমরা এটা নিরুৎসাহিত করার জন্য কাজ করছি।

সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, মো. রেজাউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্দরের প্রতিটি গেটে একটি করে স্ক্যানার মেশিন বসালে সক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। আয়কর ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট অডিট নীতিমালা না থাকায় কোনো ব্যবসায়ী সুস্পষ্ট অ্যাসেসমেন্ট পাওয়ার পরও পুনরায় অডিটের আওতায় পড়ে গোড়া থেকে অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার শিকার হন। তাই এনবিআরকে একটি সুনির্দিষ্ট অডিট নীতিমালা প্রণয়ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে দেশে জমির দাম ১০–২০ গুণ বেড়েছে। তাই ব্যক্তিগত করদাতা সারচার্জ আরোপের সম্পদসীমা সোয়া ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকার বেশি সম্পদশালী করদাতার করের ওপর সারচার্জ রাখার প্রস্তাব করছি।’ তিনি অপ্রদর্শিত আয় জরিমানা ব্যতিরেকে ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ রাখলে রাজস্ব আয় বাড়বে বলে মন্তব্য করেন।

সিএমসিসিআই সহ–সভাপতি এম মাহবুব চৌধুরী বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের ল্যাবটি পুরোনো আমলের। এ ল্যাবে পরীক্ষা চালাতে গিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। এজন্য কাস্টমসে আধুনিক একটি ল্যাব স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, ২ কোটি টাকা বরাদ্দ দিলে একটি আধুনিক ল্যাব তৈরি সম্ভব। এছাড়া কাস্টমকে শতভাগ অটোমেশন করার দাবিও তুলেন তিনি।

দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, দেশীয় ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে করের ক্ষেত্রে ফিনিশড প্রোডাক্ট আমদানিতে বেশি ছাড় দিতে হবে। তিনি বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টি করছি, ট্যাক্স দিচ্ছি, সবকিছুই দিচ্ছি। এখন শুধুমাত্র একটু ট্যারিফের জন্য যদি দেশীয় ইন্ডাস্ট্রিজগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশীয় শিল্পগুলো কিভাবে চলবে তা তিনি এনবিআর চেয়ারম্যানের প্রতি প্রশ্ন রাখেন। দেশীয় ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে ফিনিশড প্রোডাক্ট আমদানিতে ছাড় দিতে হবে বলে জানিয়েছেন এম এ মালেক। এছাড়াও ওই বৈঠকে আরও কয়েকজন ব্যবসায়ী বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ