নরসিংদী সদরে চাঞ্চল্যকর গোলাপ হোসেন হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ১৬ এপ্রিল দুপুরে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, আকবর আলী, সুন্দর আলী, মিনহাজ ও জুলহাজ। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রাজিয়া বলেন, ন্যায় বিচার না পাওয়ায় আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত গোলাপের পরিবার।



