এবার ফারমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করলো দুদক। একই সঙ্গে অভিযুক্ত চার আসামিকে গ্রেফতারও করেছে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক, তার ছেলে রাশেদুল হক চিশতি, ব্যাংক কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ ও মাসুদুর রহমান খান। ১০ এপ্রিল গুলশান থানায় মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করে করে দুদক।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজেদের ২৫টি হিসাবে ব্যাংকিং নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১৬০ কোটি টাকা হস্তান্তর করেছেন। এর আগে গত ৩ এপ্রিল এদের বিদেশে যাওয়া বন্ধ করে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় দুদক। ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতি। গত ১৯ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তিরা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে রাশেদুল হক চিশতি, রিমি চিশতি, মাজেদুল হক চিশতি, ফারহানা আহমেদ, এ কে এম শামীম, আবদুল মোতালেব পটোয়ারী, গাজী সালাহউদ্দিন, জাহাঙ্গীর আলম মজুমদার, জিয়া উদ্দিন আহমেদ, লুৎফুল হক, মনিরুল হক, তাফাজ্জল হোসেন, মোহাম্মদ শামসুল হাসান ভূঁইয়া, মাহবুব আহমেদ ও মোহাম্মদ জাকির হোসেন।
এ ১৭ জন যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়। দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে ওই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ফারমার্স ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংকটির শাখার সংখ্যা ৫৬ ও এটিএম বুথ রয়েছে ১১টি। প্রতিষ্ঠার পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৪১৩ কোটি ৩৮ লাখ টাকা।
এর মধ্যে গত বছর এ ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৮৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফারমার্স ব্যাংকের মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩ কোটি ৬১ লাখ টাকা। যা ২০১৫ সাল ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।




