সরকারি ই-মেইল নীতিমালা-২০১৮’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী, ব্যক্তিগত মেইল থেকে সরকারি কর্মকর্তাদের যোগোযোগ করা যাবে না। সরকারি ডেমোইন নিয়ে যোগাযোগ করতে হবে। ৯ এপ্রিল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
জানা যায়, সরকারি কার্যক্রমের গোপনীয়তা রক্ষা, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা ও সাইবার নিরাপত্তার জন্য ই-মেইল ব্যবহারের এ নীতিমালা করা হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ই-মেইল ব্যবহারকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে এ উদ্যোগ নেওয়া হয়।




