রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে সচিবালয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা

ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে সচিবালয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা

চাকরিক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল নিজেদের দাবি-দাওয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের সংগঠন  সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের হাসান আল মামুন বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ২০ জনের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাচ্ছে। বিকেল সাড়ে ৪টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে সভা হবে। আমরা শুনেছি, সেখানে ওবায়দুল কাদের ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত থাকতে পারেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দোয়েল চত্বরে পুলিশের সঙ্গে কথা বলতে আসেন মামুন। এ সময়ও তিনি বিষয়টি গণমাধ্যমকে জানান। পরে অবশ্য সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের সঙ্গে আলাপের বিষয়ে হাসান আল মামুন বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, টিএসসিতে শান্তিপূর্ণ আন্দোলন করব। তারা যেন আমাদের ওপর হামলা না করে। পুলিশ এতে রাজি হয়েছে। কথা বলতে আসা মামুনসহ আরেকজনের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ছবি তুলে রাখে পুলিশ। সেখানে নিয়োজিত কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণ আন্দোলন না করে ভাঙচুর করে, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে এবং এ দুজনের বিরুদ্ধে মামলা দেবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে তারা শাহবাগে অবস্থান নিলে রাতে পুলিশ তাদের লাঠিপেটা করে এবং রবার বুলেট-কাঁদানে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়।

কিন্তু এর পর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ