বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপকারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ বোর্ড গঠন

কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ বোর্ড গঠন

কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা রোববার দুপুর সোয়া একটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। কারাগারে একঘণ্টা সময় নিয়ে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করেন বোর্ডের সদস্যরা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হলেন- অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিক্স), অধ্যাপক মনসুর হাবীব (নিউরোলজি), অধ্যাপক টিটু মিয়া (মেডিসিন) এবং সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

বিষয়টি নিশ্চিত করে অর্থোপেডিক বিভাগের অধ্যাপক শামসুজ্জামান জানান, তিনিসহ চার চিকিৎসক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করতে কারাগারে যান। তিনি বলেন, উনাকে (খালেদা জিয়া) দেখেছি। উনাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে সোমবার সকাল ১১টায় পরিচালকের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার পর প্রাপ্ত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া মামলায় অন্য আসামি তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

আরও পড়ুন

সর্বশেষ