বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান

গঠনতন্ত্র অনুযায়ী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যদিও এই মামলায় বর্তমানে লন্ডনে নির্বাসনে থাকা তারেক রহমানেরও ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। ২০১৬ সালে মুদ্রা পাচারের আরেকটি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিগত ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র কারাগার থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। পরে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ করেন।

বিবৃতিতে রুহুল ক‌বির রিজভী সরকারের সমালোচনা করে ব‌লে‌ন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন। দেশের জনগণ বর্তমান একদলীয় স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেতে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফেরত যাওয়ার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছে। সে সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক আক্রমণের মাধ্যমে শাসক দল জনগণের সামনে নিজেদের ভীতিকর চেহারাটাই উন্মোচন করেছে।

‘এই সরকার বাকস্বাধীনতা হরণ করেছে, স্বাধীনভাবে তথ্য ও মতপ্রকাশে বাধা দিচ্ছে। গণতন্ত্রকে টেকসই করতে দেশের যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের প্রতিটি সেক্টরই বর্তমান সরকারের দলীয়করণের কবলে পড়েছে। এই স্বৈরাচারী সরকার দেশের জনগণকেই জিম্মি করতে চাচ্ছে,’ যোগ করেন রিজভী।

গতকাল দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। এ মামলায় মোট আসামি ছয়জন। তাঁদের মধ্যে তিনজন পলাতক। এই তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

আরও পড়ুন

সর্বশেষ