মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গৃহবধূ হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে গৃহবধূ হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী এক গৃহবধূকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল এ রায় ঘোষণা দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুর সবুর মামলার জামিন পাওয়ার পর পালিয়ে যান। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ৯ আসামিকে এ মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন। খলিলুর রহমান নামে  আরেক আসামি মামলা চলাকালে মারা যাওয়ায় তার নামও বাদ দেয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুল আহসান জানান। মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝিরপাড়া এলাকার বাসিন্দা আবদুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে তার প্রতিবেশী মোজাহের আহমেদের বাড়িতে হামলা চালান। সবুর ওই বাড়িতে গিয়ে মোজাহেরের ভাগ্নে মফিজকে মারতে উদ্যত হলে সে প্রাণভয়ে ভেতরে ঢুকে যায়। মোজাহের ও তার স্ত্রী দিলোয়ারা বেগম তখন সামনে এগিয়ে আসেন। আসামি সবুর মোজাহেরের দিকে গুলি ছুড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় মোজাহের বাঁশখালী থানায় এ হত্যা মামলা করেন। ২০০৬ সালের ১০ অক্টোবর ১১ আসামিকে অভিযুক্ত করে আদালত বিচার শুরু করেন।

আরও পড়ুন

সর্বশেষ