গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে ১৯ ডিসেম্বর বেলা সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর প্রেস উইং শোক প্রকাশের বিষয়টি নিশ্চিত করে। এর আগে সকাল পৌনে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।
গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ চারজন। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজা সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।