ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে জয়ী হতে পারবে, এমন প্রার্থীকেই মনোনয়ন দিবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিএনসিসি নির্বাচন নিয়ে সরকারের কোনো তোড়জোড় নেই। নিয়ম অনুযায়ী, ওই পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ কোনো ইন্টারফেয়ার করেনি। এটা আওয়ামী লীগের বিষয়ও না। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হবে। তবে এই নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ ‘উইনেবল’ ক্যান্ডিডেট দেবে।
কাদের বলেন, তারা (বিএনপি) কখন যে কী বলে তার ঠিক নেই। একবার বলে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে। আবার বলে খালেদা জিয়ার সাজা হলে যাবে না। কোনটা সঠিক? তিনি বলেন, বিএনপি প্রধান খালেদা জিয়ার সাজা তো সরকার বা আওয়ামী লীগ দেবে না। এটা আদালতের ব্যাপার। আর নিম্ন আদালতে সাজা হলে তো উচ্চ আদালত আছে। আপিল করার সুযোগ আছে, রিভিউও করতে পারবে।
কাদের বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া। বিএনপির চায়, আমরাও চাই। আমি অনেকবার বলেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা চাই। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাই না। যেটা ২০১৪ সালের ৫ জানুয়ারি হয়েছে।
বিকল্প ধারা বাংলাদেশ চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে চার দলের সমন্বয়ে গঠিত নতুন জোট যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে কাদের বলেন, নতুন এই জোটকে স্বাগত জানাই। এতে দেশের গণতন্ত্রের সৌন্দর্য বাড়বে। নির্বাচনকে সামনে রেখে এমন অনেক মরুকরণ হবে।




