শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ানস

চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ানস

চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ানস। টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানের টার্গেট দেয় চট্টগ্রামের দলটি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সহজ জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এবারের বিপিএলে এটা তাদের প্রথম জয়। এর আগে সিলেট সির্ক্সাসের সঙ্গে ৪ উইকেটে হেরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কোমর বেঁধে নেমেছিল দলটি।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৩ রান এবং নিজের ২৩ রানে শুভাশীষের শিকার হন লিটন দাস। এরপর ক্রিজে আসেন ইমরুল কায়েস। ওপেনার বাটলারের সঙ্গে জুটি বেঁধে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান দলকে। তবে দলীয় ১০০ রান এবং ৪৮ রানের মাথায় শুভাশীষের শিকার হয়ে ফেরেন বাটলার।  তারপর ইমরুলকে সঙ্গ দিতে আসেন মারলোন স্যামুয়েলস। তারা দুই জন জুটি বেঁধে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দলীয় সংগ্রহে ইমরুল ৩৩ রান এবং স্যামুয়েলস ৩৫ রান যোগ করেন।

আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মোহাম্মদ নবি। ওপেনিংয়ে নেমে দলীয় ৬৩ রান এবং ব্যক্তিগত ৪০ রানে নবির বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার লুক রনচি। এরপর ক্রিজে যোগ দেন দিলশান মুনাবিরা। সৌম্যর সঙ্গে জুটি বেঁধে দলীয় ১০০ রান ছাড়ান। দলীয় ১০১ রান এবং ব্যক্তিগত ২১ রানে ডোয়াইন ব্রাভোর বলে স্যামুয়েলের হাতে ধরা পড়েন তিনি।

এরপর সৌম্যর সঙ্গে যোগ দেন এনামুল হক। তবে তাকে সঙ্গ দিতে পারেননি সৌম্য। দলীয় ১০৬ রান এবং ব্যক্তিগত ৩৮ রানের মাথায় সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। সৌম্য ফিরে গেলে ক্রিজে আসেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মিসবাহ-উল হক। কিন্তু দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করার পর সাইফুদ্দিনের বলে ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি।

এনামুল হক ফেরার পর অধিনায়কের সঙ্গে যোগ দেন লুইস রিসি। তবে রিসিকে বিদায় করেন ব্রাভো। নিজের ৯ রান এবং দলীয় ১১৮ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন সিকান্দার রাজা। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক। দলীয় ১২৮ রান এবং ব্যক্তিগত ৬ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন মিসবাহ-উল হক। তাকে বোল্ড করে ফেরান আল-আমিন।

ভাইকিংস অধিনায়ক ফেরার পর  ক্রিজে আসেন সোহরাওয়ার্দি শুভ। তবে দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করতেই সাইফুদ্দিনের শিকার হন তিনি। এরপর সিকান্দার রাজার সঙ্গে যোগ দেন সানজামুল ইসলাম। কিন্তু দলীয় সংগ্রহে ১ রান যোগ করার সুযোগ পান সানজামুল। কারণ ১ বলে ১ রান করতেই নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ হয়ে যায়। ফলে ব্যক্তিগত ১৮ রানে সিকান্দার রাজা এবং ১ রানে সানজামুল অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

আরও পড়ুন

সর্বশেষ