বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খুলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার

খুলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার

যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে রাজধানীবাসীর বহুল আকাঙ্ক্ষিত মগবাজার-মৌচাক-মালিবাগ সমন্বিত ফ্লাইওভার। ২৬ অক্টোবর দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দীর্ঘ ৬ বছরের অপেক্ষা ও দুর্ভোগের অবসান ঘটিয়ে পুরোপুরি খুলে যাচ্ছে তিনভাগে নির্মিত ৮ দশমিক ২৫ কিলোমিটারের এ ফ্লাইওভারটি। তবে দুপুর ১২টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও আর যেন তর সইছে না স্থানীয়দের। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ সেই অপেক্ষায় সকাল সাড়ে ৮টা থেকেই মৌচাক মোড়ের অস্থায়ী মঞ্চের সামনে হাজির হতে শুরু করেছেন তারা।

জানতে চাইলে অনুষ্ঠানস্থলে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সহ সভাপতি মিরাজ হোসেন বলেন, আজকের এই খুশির দিনে সবাই আসবে। তখন এখানে বসার মতো কোনো স্থান থাকবে না। তাই আমরা আগে ভাগে এসে জায়গা নিয়েছি। যাতে সেই আনন্দের মুহুর্তটা মিস না করি। এদিকে পরিচ্ছন্ন কর্মীদের দেখা গেছে শেষ মুহুর্তের ধোয়া-মোছার কাজে ব্যস্ত রয়েছেন তারা। চলছে সাউন্ড বক্স আর ডিজিটাল মনিটর ঠিক করার কাজও। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

অনুষ্ঠানস্থলের সার্বিক পরিস্থিতি নিয়ে দায়িত্বরত পুলিশের এসআই দীপংকর বলেন, আমরা সর্বক্ষণ তৎপর রয়েছি। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য শুধুমাত্র স্টেজ কেন্দ্রিক এসআই লেভেল পর্যন্ত পোশাকি সদস্য রয়েছেন ২৪ জন। এছাড়া সিনিয়র, সাদা পোশাকসহ বিভিন্ন সদস্য রয়েছে। এর আগে মানুষের ভোগান্তি কমাতে গত বছরের ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভারের সাতরাস্তা-মগবাজার অংশের উদ্বোধন করেন। পরে ১৫ সেপ্টেম্বর ইস্কাটন-মৌচাক অংশের যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আর গত ১৭ মে খুলে দেওয়া হয় ফ্লাইওভারটির এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত কারওয়ানবাজারমুখী অংশ। রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ-শান্তিনগর ও তেজগাঁওয়ের যানজট নিরসন ও অবাধ যান চলাচল নিশ্চিত করতে ২০১১ সালে মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি গ্রহণ করে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ