প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিএনপির সঙ্গে সংলাপের সময় দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করে যে বক্তব্য দিয়েছেন, তাঁর একটি ‘ব্যাখ্যা’ পাওয়া গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার ইসির সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসির বক্তব্যের ‘ব্যাখ্যা’ পাওয়ার দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ সকাল ১১টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের নেতৃত্বে দলের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ গ্রহণ করে।
ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, মোহাম্মদ জমির, মো. রশিদুল আলম, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার প্রতিনিধিদলে ছিলেন।
এর আগে গত রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসে ইসি। এ সময় সিইসি কে এম নুরুল হুদা তাঁর লিখিত বক্তব্যে- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন।
এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। আজ আওয়ামী লীগের প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে বসলে এ প্রসঙ্গ আসে। সংলাপ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিইসির বক্তব্যের ব্যাখ্যা আওয়ামী লীগ পেয়েছে। তবে সেটি আমরা বলতে চাই না। এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা দেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।




