শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপপ্রধানমন্ত্রীকে পথে পথে গণসংবর্ধনা

প্রধানমন্ত্রীকে পথে পথে গণসংবর্ধনা

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে তিন সপ্তাহ পর দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেট থেকে বের হয়ে গণভবনের দিকে রওনা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে আসা বিভিন্ন নেতাকর্মীকে হাত নাড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো শেষে হেঁটেই বিভিন্ন পথে রওনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে বরণ করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীর ভিড় জমায়। তবে রাস্তার বাম পাশে ভিড় বেশি দেখা যায়। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাদের। অনেকে সবুজ টি-শার্ট ও ক্যাপ পরে ছিলেন।

এদিকে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল এলাকায় তুরাগ থানা, বিমানবন্দর থানা ও দক্ষিণখান থানার নেতাকর্মীরা জড়ো হতে দেখা যায়। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত ব্রিজ পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা ভিড় জমান। রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে কাকলি মোড় পর্যন্ত বাড্ডা, গুলশান এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হন। মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত অবস্থান নেন তেজগাঁও ও তেজগাঁও শিল্প এলাকার নেতাকর্মীরা। র‌্যাংগস ভবন থেকে গণভবন পর্যন্ত মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকার নেতাকর্মীরা জড়ো হন।

এদিকে রাজধানীর গুলিস্তান, ফার্মগেট ও শাহবাগ এলাকায় সকাল ৮টার পর থেকে শুরু হয় তীব্র যানজট। এই এলাকাগুলো থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে অনেক নেতাকর্মীকে হেঁটে রওনা দিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের এ আয়োজনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে  বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। রাজধানীর রাস্তাগুলোতে জল কামান, টিয়ারশেলসহ অবস্থান নেয় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ