শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর নিকট থেকে স্বর্ণের তৈরি বেল্ট বকলস ও হাতঘড়ির ভিতরে লুকানো স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিমান বন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে তৈরি ১টি স্বর্ণের বেল্ট বকলস, হাতঘড়ির ভিতরে ৩টি স্বর্ণের বার এবং অতিরিক্ত আরও ১০০ গ্রাম স্বর্ণের অলংকারসহ ১ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
স্বর্ণ গলিয়ে বিশেষভাবে বেল্টের বকলস তৈরি করে এবং ঘড়ির ভিতরে ডায়ালের অংশে লুকানো অবস্থায় এগুলো আনা হয়েছিল। আটক যাত্রীর নাম মুহাম্মাদ মহিউদ্দিন (৩৪), পিতা মকসেদুর রাহমান তার বাড়ি ফেনীতে বলে জানা গেছে।
তার কাছে কোন স্বর্ণবার আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার পাসপোর্ট পরীক্ষায় দেখতে পান, এই ব্যক্তি চলতি বছরে ৭ বার বিদেশ ভ্রমন করেছেন। জিজ্ঞাসাবাদে যাত্রী জানান তিনি একজন গাড়ি চালক। পরবর্তীতে যাত্রীর শরীরে পরিধানকৃত বেল্টের বকলস ও হাতঘড়ি স্ক্যানিং করে এগুলোতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর সাথে থাকা ৩৪৭ গ্রাম স্বর্ণ এবং অতিরিক্ত ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
স্বর্ণ পাচারের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দাদের চলমান নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়েছে মর্মে আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৪৪৭ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটককৃতকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।




