এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়। শিকলবাহা চৌমুহনীর পশ্চিমে অ্যাডভোকেট ফোরকানের বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সভাপতি এহসান এ খান, সাধারণ সম্পাদক আলী আব্বাস, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ফোরকান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজি মো. ওসমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মির্জান শামীম।
লিখিত বক্তব্যে কর্ণফুলী উপজেলা বিএনপির সভাপতি এহসান এ খান বলেন, উপজেলার বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রে আমাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। যে সব কেন্দ্রে এজেন্ট ছিল সে সব কেন্দ্রেও এজেন্ট হুমকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। অনেক কেন্দ্রে সকাল থেকে বহিরাগত দিয়ে ভোট কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগও করেন তিনি। তিনি আরো বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, রাতেই আমাদের বিএনপির দলীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বাসায় হামলা ও ককটেল বিষ্ফোলন করে তারা। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, এ নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনী তফশিল ঘোষনা করে সুষ্টু নির্বাচনেরও দাবি জানান এহসান খান।
চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের লোকজন বহিরাগতদের এনে নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিয়েছে, সকাল সাড়ে নয়টায় যেখানে ম্যাজিস্ট্রেটদের মাঠে থাকার কথা সেখানে ইউএনও উনাদের নিয়ে অফিসে যাচ্ছেন। এ নির্বাচন গ্রহনযোগ্য হচ্ছে না। আমরা এ নির্বাচন বাতিল করার জোর দাবি জানাচ্ছি।




